বন্যার মধ্যেই এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, যশোর

বন্যা পরিস্থিতির মধ্যেই এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি সিটি কলেজ, সরকারি এমএম কলেজ, আল হেরা ডিগ্রি কলেজ, ডা. আব্দুর রাজ্জাক কলেজ, শিক্ষা বোর্ড কলেজ ও উপজেলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে সিটি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবু আনাসের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবিরুল ইসলাম সিয়াম, সজীব হোসেন, রামিয়া, আইরিন তালুকদার তামান্না, নাঈম হোসেন, লিজু, ওমর ফারুক, জুলকার ইমন আল শিহাব, ফাহিম হোসেন, ইমতিয়াজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা “বন্যার পানিতে নয়, ন্যায্য পরিবেশে পরীক্ষা চাই”, “শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই”, লেখা প্ল্যাকার্ড বহন করেন।

বক্তারা অভিযোগ করেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ধোপরাকুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী দিশারানী মহন্ত বন্যার প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিতে গিয়ে মানসিক চাপে আত্মহত্যা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তারা বলেন, বন্যাকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমান ও নিরাপদ পরীক্ষার পরিবেশ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া অমানবিক। তাই বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন