অভয়নগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওয়াপাড়া প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার পালপাড়া শিমুলতলি এলাকার একটি ভাড়া বাসা থেকে অন্তিক বৈরাগী (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শিমুলতলিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তিক স্থানীয় সঞ্জয় বৈরাগীর ছেলে। তিনি পেশায় একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন।

স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, সঞ্জয় বৈরাগীর পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

নিহতের প্রতিবেশী পার্থ জানান, দুপুরে তিনি অন্তিককে ডাকতে গিয়ে ঘরের দরজা সামান্য ধাক্কা দিলে তা খুলে যায়। ভেতরে অন্তিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার করে ওঠেন। পরে অন্য প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অন্তিক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এই কারণে কিছুদিন আগে তাকে বিয়েও দেওয়া হয়। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকায় বাবার বাড়িতে অবস্থান করছেন।

থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন