কালিগঞ্জে ভুলবশত ঘাসমারা ওষুধ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা বিষ সেবন করে জেহের আলী গাজী (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেহের আলী কালিগঞ্জ উপজেলার উচ্ছেপাড়া গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রতনপুর এলাকার একটি মুদিদোকানে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা বিষ ভুলবশত সেবন করেন জেহের আলী। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ থানা-পুলিশ জানায়, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন