স্কুলের পানির ট্যাংকি পরিষ্কার করার সময় ৩য় শ্রেণীর শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ১২০ নম্বর দক্ষিণ ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইয়ামিম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। আহত শিক্ষার্থী আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ ছোটকুপট গ্রামের আব্দুল মোমিন হোসেনের পুত্র।

শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ নাজমুন্নাহার ইয়ামিম হোসেনকে বিদ্যালয়ের ছাদে পানির ট্যাংক পরিষ্কার করতে বলে। ইয়ামিম পানির ট্যাংক পরিষ্কার গেলে আগে থেকে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী না থাকায় শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করানো হয়। তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীকে দিয়ে এমন বিপদজনক কাজ করানো স্কুল কর্তৃপক্ষের কোন ভাবেই উচিত হয়নি। আহত শিক্ষার্থীকে কোন শিক্ষক হাসপাতালে দেখতে পর্যন্ত যায়নি। এমন ঘৃণ্য কাজের জন্য দোষীদের শাস্তি দাবি করছি।

একজন শিশু শিক্ষার্থীকে দিয়ে এমন বিপদজনক কাজ করানোর বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষিকা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন