যশোরের বাঘারপাড়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিঠুন বিশ্বাস (২৯) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) বিকেল ৫টা ৩৫ মিনিটে উপজেলার বহরমপুর উত্তরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠুন ওই গ্রামের রোস্তম বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধলগ্রাম বাজার থেকে পাটবোঝাই একটি মালবাহী ট্রাক ধলগা সড়কের দিকে যাচ্ছিল। একই সময় মিঠুন বিশ্বাস বাড়ি থেকে বাইসাইকেলযোগে বহরমপুর বাজারে যাচ্ছিলেন। পথে বহরমপুর উত্তরপাড়া মসজিদের দক্ষিণ পাশে পৌঁছালে তার সাইকেলটি হঠাৎ পিছলে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে যান এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খুলনা গেজেট/এএজে

