শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

দুটি কথা

অধ্যাপক মিনু মমতাজ

খুলনার সাহিত্যাঙ্গনে ঘুরছি বহুকাল। সেই ৭০ দশক থেকে। কালের বৈচিত্র্যে বহু অভিজ্ঞতায় সাহিত্য জীবনে পেয়েছি অনেক সহযাত্রী, হারিয়েছি বহু বিজ্ঞ, প্রাজ্ঞ লেখক-লেখিকা বন্ধুদের।

খুলনা গেজেট কর্তৃক ভারপ্রাপ্ত হয়ে আজকের এই সাহিত্য সম্পাদকের পদচারণার প্রারম্ভে স্মরণ করছি সেইসব পরম বন্ধুদের যারা আমায় এবং খুলনার সাহিত্য অঙ্গনকে তাদের নিরলস লেখনী প্রতিভা দিয়ে এতকাল সমৃদ্ধ করে চলেছেন।

খুলনা সব বিষয়েই পশ্চাৎপদ এমনটাই প্রচলিত, তবু তারই মধ্যে খুলনা আমাদের প্রাণের শহর, খুলনা আমাদের আত্মার সৌরভ।

দীর্ঘ দিনে তিল তিল করে এখানেই গড়ে উঠেছে ছোট-বড় বহু সাহিত্য সংগঠন যেমন: সাহিত্য মজলিস, সাহিত্য পরিষদ, লেখিকা সংঘ, কবিতালাপ, দখিনা, মোহনা, নন্দিনী, বনলতা, তন্ময় প্রকাশনী, কবি নজরুল গবেষণা পরিষদ প্রভৃতি। সংগঠনের বাইরেও বহু কলমচাষী তাদের কলমের চাষ করেই চলেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

খুলনা গেজেটের নিয়মিত সাহিত্য পাতা প্রকাশের এই উদ্যোগ খুলনার সাহিত্য জগৎকে অনুপ্রাণিত করে। আশা করবো, অত্র এলাকার সকল কবি সাহিত্যিক এই উদ্যোগকে স্বাগত জানাবেন। সেই সঙ্গে দূর দূরান্ত থেকে যারা লেখা পাঠাচ্ছেন এবং পাঠাবেন সবার জন্য শুভকামনা রইল।

সবার লেখা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মানসম্মত হলে পর্যায়ক্রমে অবশ্যই তা প্রকাশিত হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

সহমর্মিতা, বন্ধুত্ব, দক্ষতা, দায়বদ্ধতা এবং মানসম্পন্ন সাহিত্য পাতা প্রস্তুত করার অঙ্গীকারে আসুন সকলে একতাবদ্ধ হই।

লেখক : সাহিত্য সম্পাদক, দৈনিক খুলনা গেজেট।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন