আমাদের বৈশাখ
এবার এসেছে একটু ধুলো মেখে,
চোখে তার লালচে ক্লান্তি
যেনো অনেক দেখেছে
অতি অল্প সময়ে।
রাস্তার মোড়ে মোড়ে
বিপ্লবের পুরনো গ্রাফিদি,
কিছু মুছে গেছে
কিছু বিক্রি হয়ে গেছে
পুরনো বন্দোবস্তের বাজারে।
যে তরুণরা একদিন আগুন ছিলো
আজ তারা ছাই না, তবু আগুনও নয়,
মাঝামাঝি এক অস্বস্তিকর উষ্ণতা
যেখানে হাত রাখলে বোঝা যায়
কিছু একটা ভুল হয়েছে।
আকাশের দিকে তাকালে এখন
পাখি কম দেখা যায়,
শব্দ বেশি
লোহা, আগুন
এবং দূরের যুদ্ধ।
আমাদের বৈশাখ এসব পছন্দ করে না
সে চায় হালকা শাড়ির ভাঁজে,
তুলতুলে বাতাস
কাঁচা আমের গন্ধ
নির্ভয়ে ভালোবাসার গান।
অথচ অভাগা বৈশাখ এখন
আসার আগে
চারপাশে তাকিয়ে নেয়
কে শুনছে, কে কিনে নেবে,
কে বিক্রি করে দেবে গল্লামারীর হাটে।
খুলনা গেজেট/এনএম

