এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাচের ৩১ মিনিটে হঠাৎ এক আক্রমণে স্বাগতিকদের লিড এনে দেন হারিস স্টুয়ার্ট। তাতে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্বাগতিক প্রতিপক্ষ সিঙ্গাপুর।
মাঝমাঠ থেকে বল দখলে নিয়ে এক দৌড়ে পাল্টা আক্রমণ রচনা করে ফেলে সিঙ্গাপুর। কুয়েহর নেওয়া ক্ষিপ্রগতির শট মিতুল মারমা রুখে দেন। কিন্তু দলকে বিপদমুক্ত করতে পারেননি পুরোপুরি। তার হাত ফসকে বল চলে যায় ইখসান ফান্দির কাছে। ইখসান দ্রুত বল ঠেলে দেন হারিস স্টুয়ার্টের দিকে। নির্ভুল শটে বল জাল কাঁপাতে কোনো ভুল হয়নি স্টুয়ার্টের।
বাছাই পর্বে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন ৫ পয়েন্ট। ‘বি’ গ্রুপে চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা সিঙ্গাপুরের অর্জন সর্বোচ্চ ১১ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে হংকং। আর ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ভারত। আজ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে পারলে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে আসার সুযোগ থাকবে বাংলাদেশের। পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে বাছাই পর্বের মিশন শেষ করতে চায় কোচ হাভিয়ের কাবরেরার দল।

