বার্সার সঙ্গে নতুন চুক্তি সারলেন ‘নীল নদের হালান্ড’

ক্রীড়া প্রতিবেদক

আর্লিং হালান্ড আর গোল যেন এক সুতোয় বাঁধা। ম্যানসিটিতে গোলের পর গোল করে যান নরওয়েজিয়ান স্ট্রাইকার। তার মতোই গোলকে সহজ বানিয়ে ফেলা একজনকে পেয়ে গেছে বার্সেলোনা। সদ্যই স্থায়ীভাবে তার সঙ্গে চুক্তি সেরেছিল কাতালান জায়ান্টরা, তাকে না হারানোর চিন্তা থেকে মঙ্গলবার পুনরায় নতুন চুক্তিপত্রে সই নিলো তারা।

মিসরের স্ট্রাইকার হামজা আব্দেলকারিম। গ্রীষ্মের এই ১৮ বছর বয়সীর সঙ্গে স্থায়ী চুক্তি করেছে বার্সা। তারপরই গতকাল ২০৩০ সাল পর্যন্ত রেখে দেওয়ার আনুষ্ঠানিকতা সারল তারা। গত জানুয়ারিতে প্রথমবার ন্যু ক্যাম্পে আসেন হামজা। শুরুতে ক্লাবের রিজার্ভ দলের চুক্তি হিসেবে ঘোষণা করা হয় তাকে। গত মৌসুমে তিনি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন।

জুনে এই দলবদলকে স্থায়ী করার সুযোগের সদ্ব্যবহার করে। এই স্ট্রাইকার মিসরীয় দল আল আহলি থেকে ১৫ লাখ ইউরো প্রাথমিক ফিতে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি করেন। তবে মিসর ও বার্সার সিনিয়র দলে দারুণ পারফরম্যান্স করার কারণে স্প্যানিশ চ্যাম্পিয়ন এই কিশোরের চুক্তি পরবর্তী ধাপে নেয়।

গত মে মাসে মিসরে অভিষেক হয় হামজার। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে খেলেন তিনি। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেও হামজা মুগ্ধ করেছেন। পরে তিনি বার্সায় ফিরে ফ্লিকের স্কোয়াডে ঢোকার সুযোগ ভালোভাবে কাজে লাগায় প্রাক মৌসুমে চার গোল করে।

আগস্টে রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগাতেও অভিষেক হয় হামজার। এই মৌসুমে এখন পর্যন্ত বার্সার খেলা ছয় ম্যাচেই স্কোয়াডে ছিলেন তিনি। রাফিনিয়া ও গ্যাব্রিয়েল জেসুসের পর বার্সায় তিনি তৃতীয় পছন্দের স্ট্রাইকার।

নতুন চুক্তিতে বেতন বাড়ছে হামজার। এছাড়া ক্রেতাদের থেকে দূরে রাখতে একশ মিলিয়নের বেশি বাই আউট ক্লজ নির্ধারণ করা হয়েছে। অল্প সময়ের ব্যবধানে বয়সভিত্তিক দল থেকে সিনিয়র স্কোয়াডে ডাক পাওয়ার পর হালান্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে হামজাকে।

এই তুলনায় বেশ খুশি ১৮ বছর বয়সী স্ট্রাইকার। চুক্তিতে সই করার পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যখন কেউ আমাকে জিজ্ঞাসা করেন আমি কোন খেলোয়াড়দের অনুসরণ করি ও কাদের কাছ থেকে শিখি। আমি মনে করি হালান্ড একজন অসাধারণ স্ট্রাইকার।’

তিনি ব্যাখ্যা দিলেন, ‘তার অনেক শক্তি। যখন আমি তাকে দেখি, সবসময় তার মাঝ থেকে শেখার কিছু খুঁজে পাই এবং এমন কিছু যেটা দিয়ে আমি খেলার উন্নতি করতে পারি।’ নীল নদের হালান্ড ডাকনাম পছন্দ হয়েছে হামজার, ‘আমরা সবাই জানি সে গোল করায় কতটা ভালো। সে সবসময় সঠিক জায়গায় থাকে। এটা এমন কিছু যা আপনি শিখতে পারেন। আমি দেখতে পাই কেন আপনারা (আমাকে) নীল নদের হালান্ড বলছেন।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন