এশিয়ান গেমসে অভিষেক ম্যাচেই কঠিন বাস্তবতার মুখে পড়েছে বাংলাদেশ নারী হকি দল। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল চীনের হাতে। ম্যাচের চতুর্থ মিনিটে ঝোং জিয়াছির গোল দিয়ে শুরু হয় গোল উৎসব। এরপর পুরো ম্যাচেই চীনের আক্রমণের সামনে ভুগেছে বাংলাদেশের রক্ষণভাগ। প্রতি কোয়ার্টারেই গোল পেয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।
চীনের হয়ে হ্যাটট্রিক করেছেন ঝোং জিয়াছি। তিনি ৪, ১৩ ও ২৯ মিনিটে গোল করেন। জোড়া গোল এসেছে চেন ইয়াং (১২ ও ১৮ মিনিট), জোউ মেইরং (৩৮ ও ৫১ মিনিট) এবং চেন ইর (৪১ ও ৫৭ মিনিট) কাছ থেকে।
এ ছাড়া লি হং ১৩ মিনিটে, ঝাং ইং ২৭ মিনিটে, মা নিং ৩২ মিনিটে এবং ইয়াং লিউ ৩৬ মিনিটে একটি করে গোল করেন। অন্যদিকে পুরো ম্যাচে গোলের দেখা পায়নি বাংলাদেশ। বরং ম্যাচের শেষ দিকে, ৬০ মিনিটে হলুদ কার্ড দেখেন কণা আক্তার।
এর আগে পুরুষ হকি দলও নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে। নারী দলের সামনে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ দ্রুতই আসছে। পুল ‘এ’-তে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে।
এবারের এশিয়ান গেমসে নারী হকিতে অংশ নিচ্ছে ১২টি দল। দুই পুল থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। সেমিফাইনালে জায়গা না পাওয়া দলগুলো খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।
এবারের প্রতিযোগিতায় পদকের পাশাপাশি রয়েছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটের সমীকরণও। এশিয়ান গেমসে স্বর্ণজয়ী দল সরাসরি অলিম্পিকের মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে থাকা দলগুলো খেলবে ২০২৮ এফআইএইচ অলিম্পিক বাছাই টুর্নামেন্টে।