মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রাতের নিস্তব্ধতা ভেঙে একুশের প্রহরে শহিদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছিল শোক, গৌরব ও প্রতিশ্রুতির আবহ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে নেতাকর্মীরা শহিদ হাদিস পার্ক-এর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রথমে বিএনপির পক্ষ থেকে এবং পরে পর্যায়ক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে রাত সাড়ে ১০টা থেকে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হন। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্লোগান ও শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে তারা ভাষা শহীদদের স্মরণ করেন। রাত সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে শহিদ হাদিস পার্কের উদ্দেশ্যে রওনা হন।
মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নেতৃবৃন্দ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয়। তাদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একুশের প্রহরে এই শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে খুলনা মহানগর ও জেলা বিএনপি ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
খুলনা গেজেট/এনএম

