হুইপের কণ্ঠ নকল করে সাড়ে ৩ কোটি টাকা প্রতারণা: গ্রেপ্তার ২, রিমান্ডে ১

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের কণ্ঠস্বর নকল করে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই সাথে মামলার অপর আসামি মো. সোহেলকে ২ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক আসাদুর রহমান এ আদেশ দেন।

প্লাটিনাম জুট মিলের পুরোনো যন্ত্রাংশ বিক্রির কথা বলে প্রতারক চক্রটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুইপ বকুলের কণ্ঠ নকল করে ব্যবসায়ী জিএম আজিজুর রহমানের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ওই ব্যবসায়ী ১৮ সেপ্টেম্বর খুলনা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমানের আবেদনের প্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন— মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী মেহেদী হাসান ওরফে কাগজী বাবু (৪২) ও মো. ইমরান শরিফ রনি (২৪)। গত ১৮ সেপ্টেম্বর খুলনার বিভিন্ন এলাকা থেকে ৫৪ ধারায় গ্রেপ্তারের পর মঙ্গলবার তাদের এ মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়।

খুলনা থানার জিআরও এসআই প্রদীপ কুমার জানান, অপর আসামি সোহেলের ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ এ পর্যন্ত প্রতারণার ১২ লাখ টাকা উদ্ধার করতে পেরেছে। বাকি টাকা উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন