যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি কেশবপুর উপজেলার ত্রিমোহনী এলাকার মির্জানগর গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার পুলেরহাট তফসিডাঙ্গা মাদ্রাসার সামনে তিনি দুর্ঘটনায় পতিত হন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন মোটরসাইকেলযোগে যশোরে আসছিলেন। পুলেরহাট তফসিডাঙ্গা মাদ্রাসার সামনে পৌঁছালে তিনি হটাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন