উৎসবমুখর পরিবেশে গতকাল খুলনা জেলা ক্রীড়া সংস্থা’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোল্লা খায়রুল ইসলাম নেতৃত্বাধীন সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোল্লা খাইরুল ইসলাম। তিনি ১৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইমতিয়াজ হোসেন পিলু পেয়েছেন ৫৩ ভোট।
এবারের নির্বাচনে সহ-সভাপতি এস এম মোয়াজ্জেম রশীদ দোজা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহ্ আসিফ হোসেন রিংকু ও মোঃ জুলফিকার আলী খান, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ হেমায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কে এম আশরাফুল আলম নান্নু ও মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ পদে হাসান জাহাঙ্গীর মুকুল বিজয়ী হয়েছেন।
এছাড়া ১৩ জন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন, শফিউল আলম সবুজ, মোঃ মাহমুদুল হক সেতু, এ জে এম অহিদুল ইসলাম সেলিম, মোঃ ইয়াসিন খান, মোঃ তরিকুল ইসলাম, মেহেদী কবির, মোঃ ইকরামুল কবির মিল্টন, মোঃ আজিজুর রহমান জুয়েল, মোঃ তরিকুল ইসলাম, এ কে এম শহিদুল ইসলাম, কাজী নূর মোহাম্মদ, মিজানুর রহমান ও মোঃ রেজানুল ইসলাম।
এর আগে নির্বাহী সদস্য উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত) পদে নির্বাচিত হন এমডি খায়রুল ইসলাম খান, মোহাম্মাদ আরিফুর রহমান। নির্বাহী সদস্য মহিলা (সংরক্ষিত) পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আয়শা আক্তার শুকতারা ও খালেদা পারভীন।
এবারের খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ভোটার সংখ্যা ২২২ জন। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
খুলনা গেজেট/এএজে

