সাতক্ষীরার আদালত প্রাঙ্গণ থেকে পুলিশি হেফাজতে নেওয়ার সময় হ্যান্ডকাফ পরা অবস্থায় গাড়ি থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে আটক করে স্থানীয় জনতা ফের পুলিশে সোপাদ করেছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১টার দিকে সাতক্ষীরার আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
আসামির নাম আজমাইন (২৬)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের মো. মনিরুল ইসলাম গাজীর ছেলে।
পুলিশ জানায়, আজনাইন আশাশুনি থানার একটি নিয়মিত মামলার আসামি। মঙ্গলবার বিকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। বেলা একটার দিকে আসামিকে কারাগারে প্রেরণের জন্য হাতে হ্যান্ডকাফ লাগিয়ে পুলিশের গাড়িতে ওঠানো হয়। এ সময় সুযোগ বুঝে তিনি হাতে হ্যান্ডকাফ লাগানো অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে যান। এখবর ছড়িয়ে পড়লে আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। পরে সাতক্ষীরা শহরের পলাশপোল বউবাজার এলাকা থেকে ছাত্রনেতা রায়হানের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় ওই আসামিকে আটক করা হয়। তারা আসামি আজমাইনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

