সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আমেনা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা খাতুন ওই গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফজরের নামাজের আগে নিজ বাড়ির আঙিনার পুকুর ঘাটে ওযু করতে যান আমেনা খাতুন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর ঘাটে পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে ততক্ষণে মারা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওযু করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে তার মৃত্যু হয়েছে।
কালিগঞ্জ থানা পুলিশ বিষয়টি অবগত হয়েছে। বর্তমানে মরদেহ পরিবারের বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।
খুলনা গেজেট/এনএম

