সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বামী পরিত্যক্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪মে) রাত সাড়ে ১১টার দিকে পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন নিজে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নারীর নাম ওহিদা সুলতানা শিমু (৪০)। তিনি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যাক্তা ছিলেন।

পুলিশ সূত্র জানায়, স্বামীর কাছ থেকে ডিভোর্স হওয়ার পর ওয়াহিদা সুলতানা শিমু পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত বাড়িতে বসবাস করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে ঘরের মধ্যে শিমুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে একদিন আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন