সাতক্ষীরায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে মোঃ রওশন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে, আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রওশন শেখ পাটকেলঘাটা থানার গণেশপুর এলাকার বাসিন্দা। মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর বাবা মোঃ কামরুল শেখ।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ২২ মে বিকেল ৪টার দিকে কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে ডেকে রওশন শেখের চায়ের দোকানের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে খাবার দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী একটি মুরগির খামারের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা মোঃ কামরুল শেখ বাদী হয়ে ২৩ মে থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি রওশন শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটি বিচারের জন্য উক্ত আদালতে প্রেরিত হলে বিচারক বাদী, চিকিৎসকসহ ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি রওশন শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ছিলেন, এ্যাড. শেখ আলমগীর আশরাফ এবং আসামিপক্ষে ছিলেন, এ্যাড. ওয়ালীউল্লাহ।
খুলনা গেজেট/এএজে

