নড়াইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

গেজেট প্রতিবেদন

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মনির গাজী (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে নড়াইল সদর উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় নসিমনের সঙ্গে সেতুর উচ্চতা-নিয়ন্ত্রণকারী বারের সংঘর্ষে গুরুতর আহত হন গরু ব্যবসায়ী মনির।

তিনি লোহাগড়া উপজেলার কোলা গ্রামের রুকন গাজীর ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মনির গাজী বাড়ি থেকে নসিমনে করে যশোরের ভাংগুড়া গরুর হাটে যাচ্ছিলেন। সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় নসিমনের সঙ্গে সেতুর ওপর স্থাপিত উচ্চতা-নিয়ন্ত্রণকারী বারের ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানী লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম আক্তার বলেন, মনির গাজী নামের একজন গরু ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্য হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করেছে। নিহতের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন