নড়াইল সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় আল আমিন (১৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত আল আমিন যশোর জেলার খোলাডাঙ্গা এলাকার মফিজ হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর থেকে মালামাল নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাঁশভিটা এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি টায়ার বাস্ট হয়ে যায়। পরে ট্রাকের হেলপার আল আমিন সড়কের পাশে দাঁড়িয়ে টায়ার পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় যশোর থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার আল আমিন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাইভেটকারে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।
সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন এবং প্রাইভেটকারে থাকা তিনজন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে

