নড়াইলের লোহাগড়ায় এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী (১৩) কিশোরীকে ইজিবাইকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে চালক সেলিম শেখকে (২৭) গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত সেলিম শেখ লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের আজিয়ার শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে লোহাগড়ার লক্ষ্মীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রাম থেকে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে নিজের ইজিবাইকে তুলে নেয় সেলিম শেখ। পরবর্তীতে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে কিশোরীটিকে লোহাগড়ার লুটিয়া বাজারে নামিয়ে দিয়ে চালক সেলিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা আদরী বেগম বাদী হয়ে শনিবার লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার সরকার বলেন, ভুক্তভোগী কিশোরীর মায়ের মামলার প্রেক্ষিতে আসামিকে তার নিজ গ্রাম বয়রা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। ঘটনাটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এএজে

