ছেলে জয় ঢালীকে খুন করার দেড় মাস পর বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) রাতে খুলনার রূপসা উপজেলার দুর্জনীমহল শহীদের মোড়ল ঢালীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আক্তার ঢালী ওই এলাকার মতলব ঢালীর ছেলে। তিনি ছেলে হত্যা মামলার বাদী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে আক্তার ঢালীসহ আরও কয়েকজন বৃদ্ধ বাড়ির পাশে কাঠের তৈরি বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩-৪টা মোটরসাইকেলযোগে ৭-৮ জন ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় খুব কাছ থেকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে মরদেহ প্রেরণ করা হয়।
স্থানীয় একটি সূত্র আরও জানায়, চলতি বছরের ১৫ আগস্ট রাতে দুর্জনীমহল গ্রামের শহীদের মোড় এলাকায় জয় ঢালীকে গলা কেটে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জয় ঢালীর বাবা আক্তার ঢালী বাদী হয়ে মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের এক মাস ২০ দিন পর বাড়ির পাশে তার বাবাকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আসছে। সেগুলো বিচার বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার সাথে যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

