রূপসায় ছেলেকে হত্যার একমাস ২০দিন পর বাবা আক্তার ঢালীকে (৭৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুর্জনীমহল শহীদের মোড় ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আক্তার ঢালী ওই এলাকার মতলব ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে আক্তার ঢালীসহ আরও কয়েকজন বৃদ্ধ বাড়ির পাশে কাঠের তৈরি বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩-৪টা মোটরসাইকেল যোগে ৭-৮ জন ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় খুব কাছ থেকে তাকে গুলি করে। গুলি তার ডান কান ভেদ করে বিপরীত দিক থেকে বের হয়ে যায়। এরপর স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা আরও তিন রাউন্ড গুলি করে। এসময় স্থানীয়রা দ্বিগবিদিগ হয়ে ছুটাছুটি করতে থাকে। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এর আগে গত ১৫ আগস্ট রাত সোয়া ৯টার দিকে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে দুর্জনীমহল শহীদের মোড়ের একটি চায়ের দোকানের সামনে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারনামীয় প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে। ছেলের পর এবার পিতাকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পূর্ব শত্রুতার জেরে কিংবা ছেলে হত্যা মামলার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আসছে। সেগুলো বিচার বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
যেভাবে হত্যা করা হয় ছেলেকে : ১৫ আগস্ট রাত সোয়া ৯টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে জয় ঢালী দুর্জনীমহলের শহিদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিল। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেল যোগে এসে তার সাথে কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পর ওই যুবকদের মধ্যে দুইজন ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ে আঘাত করে। আঘাতে যুবক মাটিতে পড়ে গেলে তাকে গলাকেটে হত্যা করা হয়। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খুলনা গেজেট/এনএম

