লিঙ্গ সমতা ও শিশু অধিকার সুরক্ষায় ইউসেপের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে খুলনা অঞ্চলে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউসেপ বাংলাদেশের ‘ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট’ বিভাগের উদ্যোগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজিত হয়।

ইউসেপ মহসিন খুলনা টিভেট ইনস্টিটিউটের প্রধান খন্দকার তুহিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামরুন নেছা। আয়েশা সিদ্দিকা হোমাইরার সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মারিয়া খাতুন, অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, এস এম শহিদুল আলম। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় ইউসেপ বাংলাদেশের টিম লিডার (ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট) মো. মনিরুজ্জামান পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সংস্থার কার্যক্রম, শিশু অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতার বিভিন্ন তথ্য-পরিসংখ্যান তুলে ধরেন।

পরে মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, শিশু অধিকার ও নারীর মর্যাদা রক্ষা কিংবা লিঙ্গ সমতা প্রতিষ্ঠা কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং সমাজের সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। বক্তারা বাল্যবিবাহ ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন