কাজীবাছা নদী থেকে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ও বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ফেরির ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার ৭দিন পর রাকিব খানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বটিয়াঘাটা কাজীবাছা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাকিব খান (২৭) রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মৃত বাকের হোসেন ও রোকসানা বেগমের ছেলে।

স্থানীয়রা জানায়, বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা গ্রামের কাজীবাছা নদীতে স্থানীয়রা মঙ্গলবার সন্ধ্যায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ৯৯৯ এ ফোন পেয়ে রূপসা নৌপুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মরদেহ দেখে মনে হয় কয়েকদিন আগের। তাছাড়া নিখোঁজ পরিবারের দেওয়া বর্ণনা অনুযায়ী মরদেহটি রাকিবের বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রাকিবের মরদেহ শনাক্ত করে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন