গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে মো. জিন্দার আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দুর্গাপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জিন্দার আলী শেখ মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দুর্গাপুর গ্রামের মৃত জানু শেখের ছেলে।

ওসি মোঃ আবদুল্লাহ আল মামুন জানান, গত ৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে জিন্দার আলী নিজ বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে তার ছেলে মো. ওবাইদুল ইসলাম শেখ ৬ সেপ্টেম্বর মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিন্দার আলী শেখের বলে শনাক্ত করেন। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যাকান্ড নাকি দুর্ঘটনা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায় ওসি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন