খুলনায় লোডশেডিং ১১৫ মেগাওয়াট, একদিনেই ঘাটতি বাড়ল দ্বিগুণের বেশি

নিজস্ব প্রতিবেদক

তীব্র গরমের মধ্যে খুলনা বিভাগে লোডশেডিং পরিস্থিতির অবনতি ঘটেছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর আওতাধীন খুলনা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে খুলনা জোনে লোডশেডিংয়ের পরিমাণ ৫৯ মেগাওয়াট থেকে লাফিয়ে ১১৫ মেগাওয়াটে পৌঁছেছে।

জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী সঞ্চালন না পাওয়ায় এ ঘাটতি তৈরি হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে। প্রচণ্ড গরমের মধ্যে এভাবে বিদ্যুৎ ঘাটতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসায়ী কার্যক্রম চরম ভোগান্তির মুখে পড়েছে।

ওজোপাডিকোর তথ্য অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) দুপুর ১টায় খুলনা জোনে বিদ্যুতের মোট চাহিদা ছিল ৬০১ মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে ৪৮৬ মেগাওয়াট। ফলে এক খুলনা জোনেই ঘাটতি বা লোডশেডিংয়ের পরিমাণ দাঁড়ায় ১১৫ মেগাওয়াট।

এর আগের দিন, অর্থাৎ রবিবার (২ আগস্ট) দুপুর ১টায় খুলনা জোনে চাহিদা ছিল ৫৭৪ মেগাওয়াট এবং সরবরাহ ছিল ৫১৫ মেগাওয়াট; লোডশেডিং ছিল ৫৯ মেগাওয়াট। এক দিনের ব্যবধানে খুলনা অঞ্চলে ঘাটতি বেড়েছে প্রায় ৫৬ মেগাওয়াট।

জেলাভিত্তিক হিসেবে দেখা যায়, ৩ আগস্ট খুলনা জেলা ও নগরী এলাকাতেই সবচেয়ে বেশি লোডশেডিং হয়েছে, যার পরিমাণ ছিল ৫২ মেগাওয়াট (২ আগস্ট যা ছিল ১৯ মেগাওয়াট)। এছাড়া বিভাগের অন্যান্য জেলার মধ্যে কুষ্টিয়ায় ১৯ মেগাওয়াট, মাগুরায় ৭ মেগাওয়াট, ঝিনাইদহে ৬ মেগাওয়াট, মেহেরপুরে ৩ মেগাওয়াট এবং নড়াইল ও চুয়াডাঙ্গায় ২ মেগাওয়াট করে লোডশেডিং রেকর্ড করা হয়।

অন্যদিকে ওজোপাডিকোর পুরো অঞ্চলে (খুলনা ও বরিশাল জোন মিলে) ৩ আগস্ট দুপুর ১টায় মোট ৭৭৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেছে ৬৫৭ মেগাওয়াট। ফলে সামগ্রিক লোডশেডিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১৬ মেগাওয়াটে, যার মধ্যে সিংহভাগই খুলনা জোনের।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন