নগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কাজী সাজ্জাদ নামে পাঠাও কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারি কর্মী আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
আহত সাজ্জাদ টুটপাড়া এলাকার কাজী কামালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সেন্ট্রাল রোডে মোটরসাইকেলযোগে পার্সেল পৌঁছে দিতে যান কাজী সাজ্জাদ। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাম পায়ে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, টুটপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাব্বি, জিতু ও জিসান এই হামলা চালিয়েছে। তাদের ছোড়া গুলি সাজ্জাদের বাম পায়ের উরুতে বিদ্ধ হয়েছে। ঘটনার পর পরই স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

