অভিযোগকারী চালাক ও জটিল মানুষ : রেজিস্ট্রার

নর্দান ইউনিভার্সিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কর্মকর্তার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনার সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্থায়ী ক্যাম্পাসের জমি ক্রয়ে জালিয়াতি, বকেয়া পাওনা পরিশোধ না করা এবং জীবননাশের হুমকির অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা।

গত শনিবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং, প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ মাহমুদ হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সালের ১ অক্টোবর থেকে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে তার প্রাপ্য বেতন-ভাতা ও বিভিন্ন পাওনা পরিশোধ করা হচ্ছে না। তার দাবি, ৩৬ মাসের বকেয়া বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত কাজ, শ্রমিক ও যাতায়াত এবং অন্যান্য ব্যক্তিগত কাজের বাবদ তার বিপুল পরিমাণ টাকা পাওনা রয়েছে।

মাহমুদ হাসান অভিযোগ করেন, পাওনা পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও কর্তৃপক্ষ ‘আজ নয়, কাল’ বলে কালক্ষেপণ করে। কোনো নিয়মতান্ত্রিক তদন্ত, লিখিত কারণ দর্শানো বা চাকরির বিধিমালা অনুসরণ না করেই গত ৫ জুলাই তাকে এক মাসের ছুটি দেওয়া হয়। একই সময়ে সিনিয়র ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক জমিজমা সংক্রান্ত কাজ সম্পাদনের নির্দেশ দেওয়া হয় এবং কাজ শেষ হলে এক মাস পর পুনরায় যোগদানের সুযোগ দেওয়ার কথা বলা হয়।

তিনি আরও অভিযোগ করেন, নির্ধারিত দায়িত্বের প্রতিবেদন দাখিল করে পাওনা টাকা দাবি করায় তাকে বিভিন্ন অযৌক্তিক অজুহাতে অপমান-অপদস্থ করা হয়। গত ৬ সেপ্টেম্বর জীবননাশের হুমকি দিয়ে তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের প্রতিকার এবং পাওনা পরিশোধের দাবি জানান।

এসব অভিযোগের বিষয়ে নর্দান ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ’র ০১৭৫৫-৫১৩১১১ মোবাইল ফোনে একাধিকবার কল করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রার খান ইমাম বলেন, অভিযোগকারী অতিরিক্ত চালাক ও একজন জটিল মানুষ। উনি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সম্পদ লুটপাট করেছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন