গণঅভ্যুত্থান দিবস উদযাপনে কেসিসির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

আগামী ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে নগরজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির বিভিন্ন পর্বে অংশ নেবেন এবং দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় নগর ভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা। এরপর সকাল সাড়ে ৯টায় বসুপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনে শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারত করা হবে। সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়স্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা এবং বেলা সাড়ে ১১টায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কেসিসি কর্তৃপক্ষ জানায়, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্লে থেকে নার্সারি ‘ক’ বিভাগ, প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘খ’ বিভাগ এবং তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে অংশগ্রহণ করতে পারবে। ‘ক’ বিভাগের জন্য বিষয় উন্মুক্ত রাখা হয়েছে; তবে ‘খ’ বিভাগের জন্য ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ এবং ‘গ’ বিভাগের জন্য ‘জুলাই আন্দোলনের চিত্র’ বিষয় নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ বিভাগে ‘পাঁচই আগস্ট ও জুলাই বিপ্লব’ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঙ’ বিভাগে ‘ছাত্র-জনতার বিজয় ও একটি গণঅভ্যুত্থান’ বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।

দিবসটি উপলক্ষ্যে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়সমূহ কাগজের জাতীয় পতাকা দ্বারা সুসজ্জিত করা হবে। পাশাপাশি জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও দুর্লভ নানা চিত্র সম্বলিত প্যানা ও ফেস্টুন দ্বারা পুরো নগরী সাজানো হবে বলে খুলনা সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন