জাপানের জাতীয় ফল পার্সিমন। সুস্বাদুু মিষ্টি এই ফলের চারা মিলছে খুলনা বিভাগীয় বৃক্ষমেলায়। যা মেলায় আগত বৃক্ষপ্রেমীদের আকৃষ্ট করছে। তবে এই ফলের চারার দামও কম নয়। ফলসহ একটি চারার দাম হাঁকা হয়েছে ৩০ হাজার টাকা। অবশ্য ফল ছাড়াও ছোট চারার দাম কিছুটা কম। সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে এই চারা।
বিক্রেতারা জানায়, পার্সিমন জাপানের জাতীয় ফল। পারসিমনের বৈজ্ঞানিক নাম হল ডায়স পারসকাকী। সারা পৃথিবীতে পারসিমনের ব্যাপক চাহিদা রয়েছে। এ ফল দেখতে পাকা টমেটোর মত। কাঁচা ফলের রং গাঢ় সবুজ। পাকতে শুরু করলে উজ্জ্বল হলুদ, কমলা, গোলাপি, ডালিম রং, হালকা লাল ও গাঢ় লাল হতে পারে। রং অনেকটাই নির্ভর করে এর প্রজাতির ওপর। পার্সিমন ভিটামিন, আয়রণসহ নানা পুষ্টিগুণে ভরপুর খুব মিষ্টি এবং রসালো একটি ফল। জনপ্রিয় এবং সুস্বাদু পারসিমন ফলটি এখন বাংলাদেশে চাষ হচ্ছে। কলমের চারা রোপণের পর দু’বছরের মধ্যে গাছে ফলন আসে।
খুলনা বৃক্ষমেলার আব্দুল করিম নার্সারি স্টলের সাকিব বলেন, এবারের মেলায় জাপানের পার্সিমন গাছের চারা নিয়ে এসেছি। এই গাছে বছরে দুইবার ফল হয়। বাজারে এ ফল ১৫০০ টাকা কেজিতে বিক্রি হয়। মেলার আকর্ষণ বাড়াতে ফলসহ চারা নিয়ে এসেছি। প্রথমধাপে মেলায় ২০টির বেশি চারা নিয়ে এসেছি। বেচাকেনার আবহাওয়া দেখে আরও বেশি আনা হবে।
সাকিব বলেন, একটি পার্সিমনের ছোট চারা ৩ হাজার টাকা থেকে শুরু। ফলসহ ৩০ হাজার টাকা বিক্রি করছি। এই ফলসহ গাছ দেখতে আসছে মানুষ। মেলায় যেই আসুক না কেন আমাদের স্টলে আসছে। ফলসহ গাছ দেখে সেলফি তুলছে, ভিডিও নিচ্ছে। দাম শুনছে। আশা করি এবার ভালো বিক্রি হবে। মেলায় শুধু পার্সিমনের চারাই নয়, দেশি-বিদেশি নানা প্রজাতির গাছ আনা হয়েছে।
বনবিভাগের নিয়ন্ত্রণ কক্ষে থাকা মোঃ জাকির হোসেন জানান, মেলার দ্বিতীয় দিনে ফলজ, বনজ, ওষুধি, শোভা, ফুলসহ অন্যান্য ১ হাজার ৯৩টি চারা বিক্রি হয়েছে, যার মূল্য ১ লাখ ৭১ হাজার ৯৬০ টাকা। প্রথম দিন ৫০ হাজার ৮১০ টাকা মূল্যের ৩৭০টি চারা বিক্রি হয়।
খুলনা নার্সারি মালিক সমিতির সভাপতি বদরুল আলম রয়েল বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৃক্ষমেলা হচ্ছে খুলনায়। মেলায় পার্সিমনসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। যা মেলায় আগত বৃক্ষপ্রেমীদের আকর্ষণ বাড়াচ্ছে। মেলার শোভাও বাড়িয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুলাই খুলনা সার্কিট হাউজ মাঠে জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষমেলা শুরু হয়েছে। মাসব্যাপী এই মেলা চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত।
খুলনা গেজেট/এনএম

