খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে স্বপ্নীল সাহা (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
স্বপ্নীল সাহা দীপঙ্কর সাহার ছোট ছেলে। সে ধামালিয়া লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটির দিনে সকালে স্বপ্নীলের বাবা-মা ব্যবসায়িক কাজে খুলনায় যান। তার বড় ভাই স্বাক্ষর সাহা রঘুনাথপুর বাজারে একটি কাপড়ের দোকানে কেনাবেচার কাজে ব্যস্ত ছিল। ওই সময় বাড়িতে কেবল স্বপ্নীল ও তার ঠাকুরমা অবস্থান করছিলেন। বিকেল ৫টার দিকে স্বপ্নীল নিজের ঘরের দরজা-জানালা আটকে জানালার গ্রিলের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। এ সময় পাশের লোকজন জানালার কাচ ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থা দেখে ঘরের দরজা খুলে স্বপ্নীলকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বাবর আলী জানান, শিশুটি সবার অগোচরে ঘরের জানালায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

