সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

ফুলতলা প্রতিনিধি

বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মরিয়ম খানম নদী (১৭) নামে এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। রবিবার (১৭ মে) বেলা পৌনে ২টায় ফুলতলা খাদ্য গুদাম খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

আশিক শেখ অভয়নগরের গোবিনাথপুর গ্রামের আজিজুর রহমান শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভয়নগর সিদ্ধিপাশা গ্রামের মো. বাদশা গাজীর মেয়ে মরিয়ম খানম সিদ্ধিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। রবিবার ফুলতলা রি-ইউনিয়ন হাইস্কুল কেন্দ্রে বিজ্ঞান পরীক্ষা শেষে তার মা ও বাবার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ফুলতলা খাদ্য গুদাম ঘাটে নৌকায় উঠার সাথে সাথে তার মা ও বাবাকে বখাটে আশিক ধারালো ছুরি নিয়ে ধাওয়া করে। এ সময় মরিয়ম নৌকার উপর পড়ে গেলে তার পিঠের ডান পাশে আশিক ছুরিকাঘাত করলে সে গুরুতর জখম হয়। এলাকাবাসি আশিককে ধাওয়া করে দামোদর নলুয়া পাড়া এলাকায় ধরে ফেলে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

অপরদিকে আহত মরিয়মকে উদ্ধার করে ফুলতলা হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরিয়মের মা টুকটুকি বেগম বলেন, ‘প্রায় দু’বছর ধরে আশিক শেখ আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে পথে ঘাটে উত্যক্ত করে আসছিলো। বিষয়টি আশিকের বাবা আজিজুর রহমান শেখকে অবহিত করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। গত ২১ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হলে পরিবারের লোকজন তার সাথে যেতো। তবে প্রতিদিনই বাজারের বিভিন্ন মোড় ও স্কুলের সামনে আশিক আমাদেরকে গালিগালাজ ও ভয়ভীতি দেখাত। রবিবার পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে আমাদেরকে গুলি করে হত্যার হুমকি এবং মরিয়মকে ছুরিকাঘাত করে।

এ ঘটনায় মরিয়মের বাবা মো. বাদশা গাজী বাদি হয়ে আশিক শেখের নামে ফুলতলা থানায় মামলা দায়ের করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন