শুক্রবার । ১৫ই মে, ২০২৬ । ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩

টিসিবি’র পণ্য পাচ্ছেন না অধিকাংশ নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

দুপুর সাড়ে ১২ টা। তপ্ত রোদ্দুর উপেক্ষা করে ধর্মসভা গোলকমনি পার্কের সামনে রাখা ট্রাকের পেছনে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। স্বল্প আয় ও নিম্নবিত্তের মানুষ ট্রাক থেকে পণ্য কিনছেন। এর কিছুক্ষণ পর শেষ হয়ে যায় পণ্যগুলো। অনেকেই পণ্য কিনতে না পেরে খালি হাতে ফিরে যায়। একজন একটি প্যাকেজ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ক্রেতাদের একের অধিক পণ্য নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

টিসিবি’র সংশ্লিষ্ট সূত্র জানায়, ১১ মে থেকে ২১ মে পর্যন্ত ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতি প্যাকেজের মূল্য ৪৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন ১৫টি স্পটে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে ৪শ’ লিটার তেল, ৮শ’ কেজি ডাল ও ৪শ’ কেজি চিনি বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতিটি স্পটে ৪শ’জন ভোক্তা পণ্যগুলো কিনতে পারবেন।

রীতা মল্লিক সকাল সাড়ে ১০টার দিকে গোলকমনি শিশুপার্কের সামনে ট্রাকের পেছনে এসে দাঁড়ান। তিনি পার্ক সংলগ্ন মুড়ি পট্টির অধিবাসী। তিনি অভিযোগ করে বলেন, ‘এখান থেকে কয়েকজন ব্যক্তি একের অধিক পণ্য কিনে নিয়েছেন। ট্রাকের সামনে এসে দাঁড়ানোর পর দেখি কোনো পণ্য নেই।’ পরবর্তীতে খালি হাতে বাড়িতে ফিরে যেতে হয় তাকে।
পার্কের মধ্যে এক চায়ের দোকানিকে বীরত্বের পরিচয় দেন দু’টি প্যাকেজ তুলে। দু’কেজি চিনি চায়ের সাথে বিক্রি করার জন্য সেখানেই রেখে দিয়েছেন।

ট্রাক সেলের পাশে দাঁড়িয়ে থাকা গিয়াস উদ্দিন বলেন, ‘গতপরশু গোলকমনি পার্কের সামনে টিসিবি’র পণ্য বিক্রি করা হচ্ছিল। দাঁড়িয়ে থাকার পরও পণ্য পায়নি। আজ তাড়াতাড়ি এখানে এসেছি পণ্য নেওয়ার জন্য।’ তিনি অভিযোগ করে বলেন, ‘সেদিন ডিলার আমাদের পণ্য না দিয়ে এক দোকানির কাছে ১০টি প্যাকেজ বিক্রি করেছেন।’

এনামুল ট্রেডার্সের কর্মকর্তা মোঃ হোসেন জানান, ‘সকাল সাড়ে ১০টার দিকে পার্কের সামনে বিক্রি শুরু করি। ভিড় বেশি না থাকায় একজন গ্রাহককে একের অধিক পণ্য দেওয়া হয়েছে। কিন্তু লাইনে ক্রেতাদের ভিড় বাড়ার সাথে সাথে তা কমিয়ে দেওয়া হয়েছে।’

টিসিবি’র আঞ্চলিক প্রধান মোঃ হুমায়ুন কবীর বলেন,‘ শৃঙ্খলা বজায় রেখে পণ্য বিক্রি করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন