মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় আগামীকাল শনিবার খুলনায় আসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান। খুলনার ‘দ্য গ্র্যান্ড প্লাসিড’ হোটেলে সকাল ১০টায় এই বিশেষ মতবিনিময় সভাটি শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের ১ম ষান্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে খুলনার ব্যবসায়ী, অংশীজন এবং সুধী সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
সভার মূল উদ্দেশ্য হলো আগামীর মুদ্রানীতি প্রণয়নে খুলনার স্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী মহলের সরাসরি মতামত ও পরামর্শ গ্রহণ করা। খুলনার অর্থনৈতিক সম্ভাবনা ও বাণিজ্যিক চ্যালেঞ্জগুলো সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের কাছে তুলে ধরার এটি একটি বড় সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মো রুকনুজ্জামান এর সভাপতিত্বে সভার বিষয়বস্তু ও উদ্দেশ্য বিষয়ক বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ক উপস্থাপনা করবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের।
খুলনা গেজেট/এনএম

