খুলনার বেসরকারি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্বঘোষিত চেয়ারম্যান মিজানুর রহমান ও সদস্য সচিব হাফিজুর রহমানের ট্রাস্টি বোর্ডের সদস্য পদ অবৈধ ঘোষণা করেছেন আদালত। গতকাল রোববার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ শামীম সূফী এই রায় ঘোষণা করেন। এর ফলে তাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন বেআইনী হয়ে গেল।
এর আগে গত ১৩ জানুয়ারি খুলনার সিনিয়র সহকারী জজ রাশিদুল আলম তাদের বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য হিসেবে কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। এর বিরুদ্ধে আপীল করেন তারা। সেটিও খারিজ করে দিয়েছেন আদালত।
সূত্রটি জানায়, বিশ্ববিদ্যালয় দখলের অভিযোগ তুলে মিজানুর রহমানের বিরুদ্ধে ইউজিসিতে অভিযোগ জমা দেন প্রতিষ্ঠাতা ট্রাস্টিরা। ইউজিসির পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গতবছর ১২ নভেম্বর ইউজিসি চিঠি দিয়ে জানায়, মিজানুর রহমান ও হাফিজুর রহমান বৈধ ট্রাস্টি নন।
পরবর্তী সময়ে মিজানুর রহমান ও হাফিজুর রহমানের বৈধতা চ্যালেঞ্জ করে খুলনার সহকারী জজ আদালতে মামলা করেন ট্রাস্টি পবিত্র কুমার সরকার। গতকাল রোববার সেই মামলার রায়ে তাদের ট্রাস্টি পদ বৈধ নয় বলে ঘোষণা দিয়েছেন আদালত।
বাদি পক্ষের আইনজীবী হারুন অর রশীদ জানান, উভয়পক্ষের যুক্তি তর্ক শেষে আদালত বলেছেন মিজানুর রহমান ও হাফিজুর রহমান বৈধ ট্রাস্টি নন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য হিসেবে তারা কাজ করতে পারেন না। তাদেরকে কাজ করা থেকে বিরত থাকার নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকবে।
খুলনা গেজেট/এনএম

