নগরীতে অস্ত্র-গুলি উদ্ধার: দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নগরীতে রিভলবর ও ৪১ রাউন্ড তাজা গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে খুলনা সদর ও হরিণটানা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সালাউদ্দিন আহমেদ (২৯) এবং আবিদ হাসান রানা (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল লবণচরা থানাধীন ৪নং ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালায়। সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে আবিদ হাসান রানার বাসার একটি কক্ষের বিছানার নিচ থেকে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সদর থানার এসআই জামাল উদ্দিন জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে টুটপাড়া সার্কুলার রোড থেকে প্রথমে সালাউদ্দিন আহমেদকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রানার শয়ন কক্ষের বিছানার নিচ থেকে একটি রিভলবর, একটি রিভলবরের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ এবং ২৪টি শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন সন্ত্রাসী গ্রুপকে অস্ত্র যোগান দিয়ে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন