বিএনপি নেতার বাড়িতে অস্ত্রধারীদের তাণ্ডব : গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম

গেজেট প্রতিবেদন

নগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাসভবনে অবৈধ অস্ত্রধারীদের গুলিবর্ষণ ও হামলার ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো খুলনায়। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা ও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাণ্ডব চালানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছে সংক্ষুব্ধ জনতা ও জাতীয়তাবাদী শক্তির সর্বস্তরের নেতাকর্মীরা। অবিলম্বে এ হামলায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে খুলনাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর গণআন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ঘটনার প্রতিবাদে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এক তাৎক্ষণিক প্রতিরোধ সভা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ্যাড. মশিউর রহমান নান্নুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি’র পরিচালক মো. শফিকুল আলম তুহিন।

তিনি বলেন, রাজনীতিকে অস্থিতিশীল করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দিতেই এই ঘৃণ্য হামলা চালানো হয়েছে। কিন্তু কোনো অপশক্তি বা অস্ত্রধারী ক্যাডারদের ফাঁদে পা দেওয়া হবে না। যারা হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলবো।

প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং সংহতি প্রকাশ করেন বিএনপি নেতা মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসনুর রশীদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, আক্তারুজ্জামান সজিব, জাকির ইকবাল বাপ্পি, মিজানুর রশিদ মিজান, আবদুল্লাহ আল কাফী সখা, মাহমুদ হাসান বিপ্লব, মো. রাকিব খান, আবু সাদাৎ মো. সায়েম, এস এম মুরাদ হোসেন, আলমগীর আজাদ মিলন, আসাদুজ্জামান আসাদ, আব্দুল খালেক, মো. মিঠু, রেজাউল ইসলাম রেজা, রওনাক হোসেন মুন, জাহিদ হোসেন, মামুন ধিরাজ, মো. জাহাঙ্গীর হোসেন, সরদার মহিউদ্দিন দোলন, মো. ইলিয়াস, আনোয়ার হোসেন আনো, এম রফিকুল ইসলাম হৃদয়, মো. শিমুল এবং সানোয়ার হোসেন সনু প্রমুখ।

করের বাজার মোড়ে মহাসমাবেশের ডাক: অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  শনিবার বিকেল ৪টায় স্থানীয় করের বাজার মোড়ে জমায়েত ও এলাকাভিত্তিক বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। হামলাকারীদের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে এবং ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত হওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন