কয়রায় ইজিবাইকের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত

কয়রা (খুলনা) প্রতিনিধি

‎খুলনার কয়রা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় রাবেয়া খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২ টায় বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল শিশু রাবেয়া। এ সময় চাদআলী থেকে আসা একটি ইজিবাইক দেবাশিস ডাক্তারের বাড়ির সামনে আসলে ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশু রাবেয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত শিক্ষার্থী স্থানীয় গাজি শিশু শিক্ষানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে উপজেলার বামিয়া গ্রামের এলাকার রবিউল ইসলামের এর মেয়ে।

‎কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, মেয়েটির নাম রাবেয়া। গাড়ির চাপা পড়ায় তার বুকে আঘাতপ্রাপ্ত হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মৃত্যুবরণ করে।

‎ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বিভিন্ন সড়কে নিয়ম না মেনে দ্রুতগতিতে ইজিবাইক চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এসব যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

‎কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহ আলম বলেন, ঘটনাটি সম্পর্কে খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন