খুলনায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় অভিযান শুরু করেন তারা। এ সময় সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডল, অফিস সহকারী ফারুক হোসেনসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের প্রমাণ পাওয়া যায়।

দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম জানান, ছদ্দবেশে অভিযানে গেলে দালালরা দলিল রেজিস্ট্রিতে তাদের কাছে ঘুষ দাবি করে। পরে তাকে নিয়ে বিভিন্ন কক্ষে তল্লাশী চালানো হয়। এ সময় বেশ কয়েকজন কর্মকর্তা ও নকলনবিশকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি বলেন, অভিযানে নকলনবিশ রাসেল শিকদারের ব্যাগে নগদ ৭০ হাজার টাকা পাওয়া গেছে। এই টাকার উৎস নিয়ে তিনি বিভ্রান্তকর তথ্য দিচ্ছেন। এছাড়া অফিসের মোহরার অরুণ কুমার বিকাশে টাকা লেনদেন করেছেন। এরও সঠিক ব্যাখা তারা দিতে পারেননি। মিতা নামের আরেক নকলনবিশের ব্যাগে ব্যাংকে টাকা জমার তথ্য ও এফডিআরের কাগজ পাওয়া গেছে, টাকার উৎস সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি। বিষয়গুলো জেলা রেজিস্ট্রারকে জানানো হয়েছে। পাশাপাশি কমিশনকেও সার্বিক বিষয় অবগত করা হবে।

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন