বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

দৌলতপুরে চালককে হত্যার পর রিক্সার ব্যাটারি খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

খুলনার দৌলতপুর এলাকার রিক্সাচালক তামিম ওরফে তাছিনকে (১৬) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর তার রিক্সার ৪ টি ব্যাটারি খুলে নিয়ে যায় হত্যাকারীরা। এ ঘটনায় রিক্সা চালক তামিমের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী বলেন, মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানে একটি কবরের পাশের ঝোপ-ঝাড়ের মধ্যে থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্টে দেখা যায় তার গলায় দাগ রয়েছে। দাগ দেখে তিনি সন্দেহ করেন যে তাকে হত্যা করা হয়েছে। এর কিছুক্ষণ পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় একটি রিক্সা পড়ে থাকার সংবাদ পুলিশকে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ রিক্সা উদ্ধার করতে পারলেও রিক্সায় কোন ব্যাটারি দেখতে পায়নি। তিনি বলেন, তামিমকে হত্যার পর দুর্বৃত্তরা ব্যাটারি খুলে নিয়ে রিক্সা রেখে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, দুপুরে দৌলতপুর থানায় তামিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে দিয়েছে। অচিরে দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানিয়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন