নির্বাচনে কাউকে ভোট দিতে বাধা দিলে তা দমন করা হবে: র‍্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ আলম বলেছেন, ভোট সাংবিধানিক অধিকার। নির্বাচনে কাউকে ভোট দিতে বাধা দিলে তা দমন করবে র‍্যাব। নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব সদস্যরা মাঠে থাকবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) র‍্যাব-৬ খুলনা কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, আগামী ৭ জানুয়ারি ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে র‍্যাব। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব।

নির্বাচনে র‍্যাবের জন্য চ্যালেঞ্জ আছে জানিয়ে মহাপরিচালক বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য র‍্যাব প্রস্তুত।

এর আগে র‍্যাব-৬ এর খুলনা সদর দপ্তরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক মো. মাহাবুব আলম, কমান্ডার খন্দকার আল মঈন, পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) লে. কর্নেল ফিরোজ কবীর প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন