বৃহস্পতিবার । ২১শে মে, ২০২৬ । ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামে মিম (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার ভোরে তার বাড়ির পাশে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। নিহত মিম কীর্তিপুর মোড়ের মশিয়ার রহমান মশির ছেলে।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, মিম গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে সে বাড়ি ফিরে যায়নি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি, তার মোবাইল ফোনও বন্ধ ছিল। বৃহস্পতিবার ভোরে বাড়ির অদূরে বেনাপোল মহাসড়কের পাশের একটি বাঁশবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। এরপর তারা ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

ওসি আরও জানান, নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর কোপের দাগ রয়েছে। আঘাতের কারণে তার মাথার ঘিলু বেরিয়ে গেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের ধরণ দেখে মনে করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে, নিহত মিমের স্ত্রী নিলা খাতুন জানান, তিনি একই গ্রামে তার বাবার বাড়িতে ছিলেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। রাতে মিমের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি। এরপর একাধিকবার কল করা হলেও মিম আর ফোন রিসিভ করেননি।

নিলা খাতুন বলেন, মিমের বন্ধুদের সাথেই তার শত্রুতা ছিল এবং তারাই এই হত্যাকান্ডের পেছনে জড়িত থাকতে পারে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন