বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় নৈশ প্রহরী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল আজিজ গাজী (৬৫) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল আজিজ গাজী ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামের মৃত আহম্মেদ গাজীর ছেলে। তিনি বেনেয়ালী বাজারে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে আব্দুল আজিজ গাজী বাড়ি থেকে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বেনেয়ালী বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে যশোর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়না তদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন