বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

বেনাপোলের মাদক ব্যবসায়ী মামনি খাতুনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোলের মাদক ব্যবসায়ী মামনি খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক ফৌজিয়া হাফহা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।

মামনি খাতুন বেনাপোলের বড় আচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের বাগে জান্নাত এলাকার পেছনে আসামির দুইতলা বাড়িতে অভিযান চালায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন ৪৯/বি কোম্পানি আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম। ওইদিন সকাল ১১টার দিকে বাড়িতে তল্লাশি চালিয়ে দ্বিতীয়তলার পশ্চিম পাশের শোবার ঘরের খাটের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে বেনাপোল থানার এসআই সৈয়দ আলমগীর হোসেন মামনি খাতুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। পরে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন