শুক্রবার । ১৭ই এপ্রিল, ২০২৬ । ৪ঠা বৈশাখ, ১৪৩৩

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড রাজগঞ্জের আলোচিত ‘ভাসমান সেতু’

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাঁপা বাওড়ে নির্মিত দেশের সেই আলোচিত ‘ভাসমান সেতুটি’ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় আকস্মিক ঝড়ে সেতুর একটি বড় অংশ ভেঙে বাওড়ের পানিতে ভেসে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে হঠাৎ শুরু হওয়া প্রবল কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়ার তোড়ে সেতুটির কাঠামো নড়বড়ে হয়ে পড়ে। সন্ধ্যায় বাতাসের তীব্রতা ও পানির চাপে মুহূর্তের মধ্যেই লোহার শিট ও ড্রামের সংযোগস্থলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় সেতুর একটি বড় অংশ মূল কাঠামো থেকে আলাদা হয়ে পানিতে ভেসে চলে যায়। এতে দু’পাড়ের মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। এরপর থেকে মানুষ ইঞ্জিনচালিত নৌকায় করে বাওড় পারাপার হচ্ছেন।

উল্লেখ্য, লোহার শিট ও পুরনো প্লাস্টিকের ড্রাম দিয়ে নির্মিত এই সেতুটি চালুর পর থেকেই সারা দেশে ব্যাপক পরিচিতি পায়। ব্যতিক্রমী এই স্থাপনাটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক ও দর্শনার্থী এখানে ভিড় করেন। বাওড়ের দুই পাড়ের মানুষের যোগাযোগের পাশাপাশি এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছিল।

তবে স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে নির্মিত এই সেতুর লোহার পাইপ ও পাটাতনের কিছু অংশে অনেক আগেই মরিচা (জং) ধরেছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরাজীর্ণ অংশগুলো স্থায়ীভাবে পরিবর্তন না করে জোড়াতালি দিয়ে মেরামত করে কাজ চালিয়ে যাচ্ছিলেন। যার ফলে আজকের ঝড়ে সেতুটি টিকতে পারেনি।

রাজগঞ্জের আলোচিত ভাসমান সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় হতাশা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে সেতুটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন এলাকাবাসী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন