যশোরে অস্ত্র মামলায় একজনের ১৪ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে অস্ত্র মামলায় বেনাপোলের চিহ্নিত কারবারি ফারুক সরদারের ১৪ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহানী পূষণ এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত ফারুক বেনাপোল পুটখালী উত্তরপাড়ার আকতার সরদারের ছেলে। এ মামলা থেকে পুটখালী পশ্চিমপাড়ার ছাদেক মোল্লার ছেলে জনিকে খালাস প্রদান করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৯ আগস্ট মধ্যরাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা জানতে পারেন পুটখালী গ্রামের পশ্চিমপাড়া মাদ্রাসার পাশে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্র বেচাকেনা করছে। র‌্যাবের ওই টিম তাৎক্ষনিক বেনাপোলের পুটখালী গ্রামের বিডিআর সদস্যদের সহযোগিতা নিয়ে সেখানে অভিযান চালায়। রাত তিনটায় তারা ঘটনাস্থল থেকে ফারুককে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি রিভালবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে তার সাথে থাকা জনিসহ অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাব-৬ যশোরের ডিএডি আব্দুর রহমান বাদী হয়ে ওই দু’জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে বেনাপোল পোর্ট থানার এসআই আজমল হুদা ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

বুধবার মামলার রায় ঘোষণার দিনে দুই আসামির উপস্থিতিতে বিচারক ফারুক সরদারকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে এ মামলার অপর আসামি জনিকে খালাস প্রদান করেন।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন