সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক থেকে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে র্যাব-৬। এ ঘটনায় ট্রাকের চালক সাইফুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের বকচর এলাকায় অভিযান চালিয়ে এ চিংড়ি মাছ জব্দ করা হয়। র্যাব-৬ সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্সের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে জেলি পুশ করা চিংড়ি মাছ পরিবহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বকচর এলাকায় ট্রাকটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে থাকা প্রায় ৩৬ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়ি পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষকে খবর দেওয়া হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে মাছগুলো পরীক্ষা করেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিংড়ির ভেতরে জেলি পুশ করার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনের ধারায় ট্রাকের চালক সাইফুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ। একই সঙ্গে জব্দ করা চিংড়ি মাছ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য হেফাজতে নেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, অসাধু ব্যবসায়ীরা চিংড়ির ওজন ও আকার বাড়িয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মাছের শরীরে জেলি বা অন্যান্য পদার্থ পুশ করে থাকেন। এতে চিংড়ির স্বাভাবিক গুণগত মান নষ্ট হয়। পাশাপাশি এসব মাছ খাওয়ার মাধ্যমে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিংড়ি আটক ও জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

