চৌগাছায় দুই মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৬

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় দুই মানবপাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় নারী-শিশুসহ ৬ জনকে উদ্ধার করেছে। মানবপাচারকারীর বিরুদ্ধে থানায় মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার(২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড়আন্দুলিয়া মাঠ থেকে পাচারের উদ্দেশ্যে একত্রিত করা নারী-শিশুসহ ৬ জনকে উদ্ধার ও দুই মানবপাচারকারীকে আটক করে আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।

শান্তি আলোচনা : যুদ্ধবিরতি ও রুশ সেনা প্রত্যাহার চায় ইউক্রেন

আটক দুই পাচারকারী হলো, উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া গ্রামের ইউনুস আলী (৩০) ও জহুরুল ইসলাম (২৫)। তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মানবপাচারের মামলা রয়েছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক ইউনুসের কাছ থেকে ১৬ হাজার ভারতীয় রুপি ও একটি ওয়ালটন স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া সীমান্তের ২/৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে পাচারের উদ্দেশ্যে একত্রিত করে রাখা ৬ জনকে উদ্ধার করা হয়। এসময় তাদের পাহারায় থাকা দুই পাচারকারী ইউনুস আলী ও জহুরুল ইসলামকে আটক করে বিজিবি।

উদ্ধারকৃতরা হলেন, পাবনার সজল মৃধা (৩০), যশোরের বাঘারপাড়া উপজেলার সাগর মন্ডলের ছেলে দিপ্ত মন্ডল (১৬), মনোহর মন্ডলের ছেলে সজিব মন্ডল (১৬), বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলার রেহেনা খাতুন (৩০) ও তার দুই ছেলে সোহান সরদার (৯), সোহাগ সরদার (৭)।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানান, তাদের ভারতে ভালো কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে আসে ইউনুস ও জহুরুলসহ অন্যরা। আটক ইউনুস আলী ও জহুরুল ইসলামও পাচারের উদ্দেশ্যে তাদের এক জায়গায় করার কথা স্বীকার করেছেন।

বিজিবি ও চৌগাছা থানা সূত্রে জানা যায়, করোনা শুরুর পর থেকে চৌগাছা সীমান্তে অসাধু ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে নারী, শিশু, তরুণ, তরুণীসহ বিভিন্ন পেশার মানুষকে ভারতে ভালো কাজ দেয়ার নামে পাচার করে আসছে। এছাড়া অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটতে থাকে। এর আগে গত ৮ জানুয়ারি শহরের পাঁচনামা এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা ৪ যুবতীকে উদ্ধার ও তিন পাচারকারীকে আটক করে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান (র‌্যাব)। সে ঘটনায়ও চৌগাছা থানায় মামলা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, বিজিবি পাচারকারীদের আটক ও ভিকটিমদের উদ্ধার করে চৌগাছা থানায় সোপর্দ করে। এ বিষয়ে মানবপাচার আইনে মামলা করেছে বিজিবি।

খুলনা গেজেট/ এস আই

 

 

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন