যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। তারা হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া কেফায়েতনগর গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে ইব্রাহিম হোসেন (৬০) ও পাঁচবাড়িয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে মতিয়ার রহমান (৭০)।
নিহত ইব্রাহিম হোসেনের ছেলে সুমন হোসেন জানান, তার পিতা একজন প্রবাসী। কয়েকদিন আগে দেশে ফিরেছেন। রোববার বিকেলে মোটরসাইকেলে করে বসুন্দিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক দিয়ে আসা নিটল টাটা গ্রæপের একটি অ্যাম্বুলেন্সের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার বাবার ডান পা বিছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকাল চারটা ৫০ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর নিহত মতিয়ার রহমানের ভাইপো আওয়াল হোসেন জানান, বিকেলে তার চাচা মতিয়ার রহমান সাইকেলে চড়ে পাঁচবাড়িয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার কর যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিকেল পাঁচটায় তাকে মৃত ঘোষণা করেন।

আহতদের মৃতদেহ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। দুটি ঘটনায় ঘাতক দুটি গাড়ি পালিয়ে গেছে।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন